শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ভাদ্র ২৮ ১৪৩৩

মানিকগঞ্জ নিউজ  :: ManikganjNews - মানিকগঞ্জের খবর

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মানিকগঞ্জে বৃত্তি পেল ৭৭৭ শিক্ষার্থী, শীর্ষে সদর উপজেলা

প্রকাশিত: ১৩:২৭, ১৩ জুলাই ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মানিকগঞ্জে বৃত্তি পেল ৭৭৭ শিক্ষার্থী, শীর্ষে সদর উপজেলা

মানিকগঞ্জ নিউজ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার মানিকগঞ্জ জেলার ৭৭৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) পেয়েছে ৩০৬ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৭১ জন। সাত উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রয়েছে মানিকগঞ্জ সদর উপজেলায়।

রোববার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৩০৬ শিক্ষার্থীর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬৫ জন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪১ জন। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৪৭১ শিক্ষার্থীর মধ্যে সরকারি বিদ্যালয়ের ৪০৯ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৬২ জন।

উপজেলাভিত্তিক ফলাফলে দেখা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ২১৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এছাড়া সিংগাইর উপজেলায় ১৩৮ জন, সাটুরিয়ায় ১০১ জন, হরিরামপুরে ১০০ জন, ঘিওরে ৭৮ জন, দৌলতপুরে ৭১ জন এবং শিবালয়ে ৬৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, মানিকগঞ্জ জেলায় বর্তমানে মোট ৬৫১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১২১টি, দৌলতপুরে ১০০টি, সিংগাইরে ৯৭টি, হরিরামপুরে ৮৯টি, ঘিওরে ৮৫টি, সাটুরিয়ায় ৮০টি এবং শিবালয়ে ৭৯টি বিদ্যালয় রয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, বিদ্যালয়ের সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় সদর উপজেলায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও বেশি হয়েছে। পাশাপাশি নিয়মিত পাঠদান, শিক্ষকদের নিবিড় তদারকি, অভিভাবকদের সচেতনতা এবং বিদ্যালয়ভিত্তিক পরিকল্পিত প্রস্তুতির কারণে এবার জেলার ফল সন্তোষজনক হয়েছে।

তবে পিছিয়ে থাকা উপজেলার শিক্ষার্থীদের আরও ভালো ফল অর্জনের জন্য পাঠদানের মানোন্নয়ন, শিক্ষকদের কার্যকর তদারকি এবং বৃত্তি পরীক্ষার বিশেষ প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন:
Right Side Advertisement

সর্বশেষ

সর্বাধিক জনপ্রিয়