সংগৃহীত
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঋণের কিস্তির চাপ সহ্য করতে না পেরে চন্দন ভগত (৫৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি ঘিওর সদর ইউনিয়নের কুস্তা বন্দর এলাকার বাসিন্দা।
পরিবারের সদস্যদের দাবি, বিভিন্ন ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে চরম মানসিক চাপে ছিলেন। ঋণের বোঝা ও আর্থিক সংকটের কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে পরিবারের অভিযোগ।
ঘটনার খবর পেয়ে বুধবার (১ জুলাই) সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।






.png)















