মোঃ নাসির উদ্দিন, হরিরামপুর
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে এক যুব কৃষি উদ্যোক্তার ৪০ শতক জমির প্রায় ৪০০ লাউ গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক।
ঘটনাটি ঘটে রবিবার (২৭ জুলাই) দিবাগত রাতে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম শহীদুল ইসলাম।
ভুক্তভোগী শহীদুল ইসলাম জানান,
"সকালে এসে দেখি আমার লাউ ক্ষেতের সব গাছ কাটা। প্রথমে দেখে হতবাক হয়ে যাই। আমার সব স্বপ্ন ভেঙে গেছে। পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম। গাছের সঙ্গে এভাবে কেউ শত্রুতা করতে পারে, তা না দেখলে বিশ্বাস হতো না।"
তিনি আরও বলেন, লাউ চাষের আগে জমি তৈরিতে গোবর সার ব্যবহার করা হয়। বৃষ্টির হাত থেকে চারা বাঁচাতে মাটি উঁচু করে মালচিং পেপার দিয়ে ঢেকে চারা রোপণ করা হয়েছিল। বাঁশ ও সুতা দিয়ে মাচা তৈরি করে নিয়মিত পরিচর্যা করা হচ্ছিল। ফলে লাউ গাছগুলো বড় হয়ে উঠছিল। কিন্তু দুর্বৃত্তরা সব কেটে নষ্ট করে দেওয়ায় তিনি মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
শহীদুল ইসলাম জানান,
"৪০ শতক জমিতে প্রায় ৫০ হাজার টাকার বেশি খরচ হয়েছিল। এসব গাছ বিক্রি করে দুই লক্ষাধিক টাকা আয় করা যেত। কিন্তু পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে দুর্বৃত্তরা সব নষ্ট করে দিয়েছে। এখন এই ক্ষতি থেকে ঘুরে দাঁড়ানো আমার জন্য খুবই কঠিন হবে।"
এদিকে ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, ফসলের সাথে এমন শত্রুতা মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষের দাবি, এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।






.png)
















