সংগৃহীত
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় প্রেমিকের বিয়েতে অস্বীকৃতির জেরে এক কলেজপড়ুয়া তরুণী (১৮) সেতু থেকে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দ্রুত উদ্ধার তৎপরতায় তিনি প্রাণে বেঁচে যান। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে ঘিওর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।
সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ধলেশ্বরী নদীর ওপর নির্মিত পেঁচারকান্দা সেতুতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ওই তরুণী হঠাৎ সেতুর ওপর থেকে নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত নদীতে নেমে তাকে জীবিত উদ্ধার করেন। পরে তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, অভিযুক্ত যুবক বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং একপর্যায়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের বিষয়ে কথা উঠলে তিনি যোগাযোগ বন্ধ করে দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে অভিমান থেকে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি করেন।
তরুণীর বাবা জানান, অভিযুক্ত ব্যক্তি তাদের দূরসম্পর্কের আত্মীয়। প্রেমের বিষয়টি জানাজানি হওয়ার পর পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও অভিযুক্ত যুবক এতে রাজি হননি। উল্টো মেয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এতে তার মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, “ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ায় মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন। তাই আইনের আশ্রয় নিয়েছি।”
এ বিষয়ে ঘিওর থানা পুলিশ জানিয়েছে, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






.png)
















